অপ্রতিম হত্যাকাণ্ড : পাঁচ দিনের মাথায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার ৫ দিনের মাথায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে।
জেলার সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (পরিদর্শক) পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা মামলাটির তদন্ত করবেন। আজ শুক্রবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, অপ্রতিম হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির প্রথমে তদন্ত শুরু করেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম।
তিনি জানান, মামলাটি এখন থেকে তদন্ত করবেন থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। দ্রুত মামলার যাবতীয় নথিপত্র হস্তান্তর করা হবে।
থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপার কার্যালয় থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত কাজ শুরু করা হবে। শিগগিরই তদন্তের পর দ্রুততম সময়ে আদালতে মামলার চার্জশিট দাখিল করতে পারব।
সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম বলেন, এখন থেকে থানার পরিদর্শক (তদন্ত) এ মামলার তদন্ত করবেন। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ জনের স্বীকারোক্তি মিলেছে। তবে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকালে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় থানায় নিখোঁজের জিডি করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা নামক এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করে।
সেদিন রাতে তার বাবা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ এ পর্যন্ত এ হত্যায় সরাসরি জড়িত সাইফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার হয় আরও তিনজন।





