কুমিল্লায় অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে না লড়ার ঘোষণা আইনজীবীদের

সংগৃহীত ছবি
কুমিল্লার স্কুলছাত্র ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী। গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত বলে উল্লেখ করলেন সংগঠনটির নেতারা। হত্যাকাণ্ডের চার দিন পর গতকাল বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা সভায় বিষয়টি স্পষ্ট করেন সমিতির সভাপতি সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার।
বৈঠক শেষে আইনজীবীরা অপ্রতিমের বাসায় গেলে কান্নায় ভেঙে পড়েন নিহত শিশুটির মা-বাবা। তাদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন শিশুটির মা ড. নাহিদা বেগম। একই সঙ্গে মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে আইনজীবীদের সহায়তাও চেয়েছেন অপ্রতিমের মা-বাবা।
সভায় উপস্থিত ছিলেন কুবি উপাচার্য ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য ড. আমজাদ হোসেন সরকার, কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু, কুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা।



