রায়পুরায় সনাতনী সেবা পরিষদের যাত্রা শুরু

সনাতনী সেবা পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল
মানবসেবার ব্রত নিয়ে নরসিংদীর রায়পুরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সনাতনী সেবা পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার দুপুরে রায়পুরা পৌর এলাকার ঐতিহাসিক বটতলায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির উদ্বোধন করেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, ধর্ম আলাদা হলেও সব ধর্মের মূল শিক্ষা মানবতা, সুন্দরভাবে বেঁচে থাকা, পারস্পরিক সহযোগিতা, কারও ক্ষতি না করা এবং মা-বাবার সেবা করা।
অনুষ্ঠানে নবগঠিত সংগঠনের সভাপতি হিসেবে সবুজ নন্দী ও সাধারণ সম্পাদক হিসেবে বিমল দাসের নাম ঘোষণা করা হয়। রতন চক্রবর্তীকে আহ্বায়ক এবং নিরঞ্জন কুমার দাসকে সদস্যসচিব করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন দেব্রত বিশ্বাস।
বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফায়জুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন আলতাব, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেলসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



