সেপটিক ট্যাংকের দেয়াল ধসে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরেক শ্রমিক। আজ শনিবার দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আতিয়ার রহমান। তিনি যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে। আহত শ্রমিকের নাম মো নয়ন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান রহিম।
স্থানীয়রা জানান, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার সেপটিক ট্যাংকের নির্মাণকাজ চলছিল। এ সময় দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়েন আতিয়ার ও নয়ন। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা পর আতিয়ারের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে মানুষের ভিড়ের কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাদামাটির চাপে সেফটি ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানের ভাষ্য, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





