থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

আজ বুধবার ভোরে বান্দরবানের থানচির বলিপাড়া বাজারে আগুন লাগে। ছবি: আগামীর সময়
বান্দরবানের থানচিতে আগুন লেগে পুড়ে গেছে ১৩টি দোকান। আজ বুধবার ভোরে উপজেলার বলীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে বাজারের নৈশ প্রহরী আগুনের স্ফুলিঙ্গ দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মহিদুল ইসলাম মৃধা জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
ব্যবসায়ীদের ধারণা, কোনো দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং মারমা জানিয়েছেন, বাজারের ব্যবসায়ীরা প্রতি রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। অগ্নিকাণ্ডের সময় তারা উপিস্থিত না থাকায় দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি।
বলিপাড়া বাজার কমিটির সদস্যরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে রিপন জ্যোতি চাকমা, প্রদীপ চাকমা, বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, পারভিন আকতার, সাথোয়াই মারমা, শংঙ্খরাজ চাকমা, নিহার বিন্দু চাকমা, প্রনিজ চাকমা, উনুচিং মারমা, মধু মঙ্গল চাকমা, কাজল কর্মকার ও আবু বক্কর সওদাগরের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিহার বিন্দু চাকমা জানিয়েছেন, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। ভোরে আগুন লাগার খবর পেয়ে দোকানে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুণর্বাসনের লক্ষ্যে কাজ করছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।




