রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি করে আটক

আটক রেজাউল করিম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে এক লাখ টাকা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম মো. রেজাউল করিম (৬০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার মিরপুরে বসবাস করেন।
ইউএনও কাজী শামীম জানিয়েছেন, দুদিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি ফোন করে জানান, তিনি রামগড়ে অবস্থান করছেন। পরে তাকে ইউএনও কার্যালয়ে আসতে বলা হয়।
কার্যালয়ে আসার পর তাকে নাশতা দেওয়া হয়। একপর্যায়ে তিনি ইউএনওর বদলির বিষয় নিয়ে কথা বলেন। পরে নিজের টাকার সংকটের কথা জানিয়ে এক লাখ টাকা ধার চান। ঢাকায় ফিরে ওই টাকা পরিশোধ করবেন বলেও জানান তিনি।
ওই ব্যক্তির কথাবার্তায় সন্দেহ হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে সচিব ওই ব্যক্তির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি। এরপর রেজাউল করিমের পরিচয় ও অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হয়।
ইউএনও জানিয়েছেন, রেজাউল করিম রামগড়ে অবস্থানকালে থানার ওসির পরিচয় ব্যবহার করে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বলে জানা যায়। তবে রামগড় থানার ওসি তাকে চেনেন না বলে নিশ্চিত করেন। পরে প্রতারণার অভিযোগে তাকে পুলিশে দেওয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানিয়েছেন, প্রতারণার অভিযোগে রেজাউল করিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




