ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানীকে (৬৫) হত্যার দায়ে তার মেয়ের জামাই সুজিত শীলকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাসিনুর রহমান।
মামলার বিবরণ থেকে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার কৈচাপুর বোর্ড বাজার গ্রামের সুজিতের সঙ্গে পারিবারিক কলহ ছিল তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর। কলহের জেরেই ২০২১ সালের ৬ অক্টোবর রাতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করেন সুজিত। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। পরদিন সকালে হাসপাতালে মারা যান জ্যোৎস্না।
এ ঘটনায় ইতির বড় বোন সন্ধ্যা রানী শীল হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান মোস্তাসিনুর।




