রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু : ভূমিমন্ত্রী

কথা বলছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
একই সঙ্গে এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদেরও প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
পরিদর্শনকালে ভূমিমন্ত্রী আরো বললেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। অনাকাঙ্ক্ষিতভাবে যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে।’
রেলস্টেশনে ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বললেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হবে এবং তাদের কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে।
এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য প্রচারের বিষয়েও সতর্ক করেন ভূমিমন্ত্রী বললেন, যারা এ ধরনের বক্তব্য ছড়াচ্ছে, তারা ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’। প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে তাদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার প্রসঙ্গ টেনে মিনু বললেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুমসহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল। তার দাবি, একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী বলেছেন, ‘বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে যান ভূমিমন্ত্রী। তিনি স্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।




