শিশুসন্তানকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে মা

নিহত শিশু আশরাফুল ইসলাম। সংগৃহীত ছবি
টাঙ্গাইলের সখীপুরে সাড়ে ৩ বছরের শিশু আশরাফুল ইসলামকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আকলিমার মেয়ে সিদরাতুল (৮)।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আকলিমা ও শাহীন মিয়ার ছেলে। আর সিদরাতুল আকলিমার আগের সংসারের মেয়ে। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে কোনো সন্তান না থাকায় বিয়ে করেন আকলিমাকে। এই সংসারে জন্ম হয় আশরাফুলের।
স্বজনরা জানান, আকলিমা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতেন। বাড়িতে সিদরাতুল ও আশরাফুলকে দেখাশোনা করতেন শাহীন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা।
আকলিমার স্বামী ও শাশুড়ি জানান, তিন দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন আকলিমা। গতকাল রাতে দুই সন্তানকে নিয়ে নিজের কক্ষেই ছিলেন আকলিমা। হঠাৎ চিৎকার শুনে সবাই গিয়ে দেখেন, দুই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আকলিমার গায়ে ছিল রক্তের দাগ, পাশে পড়ে ছিল একটি বটি।
শাহীন মিয়া বলেন, ‘প্রায় ৩০ বছর পর আল্লাহ আমাকে একটি সন্তান দান করেছিলেন। তাকে তার মা নৃশংসভাবে হত্যা করেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শুধু আমার সন্তানই নয়, আগের সংসারের মেয়ে সিদরাতুলকেও কুপিয়েছে সে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বললেন, ‘ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। ঘটনার পর শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মরদেহ ওখানেই আছে। শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে অন্যান্য আইনি কার্যক্রম চলমান।’




