চুয়াডাঙ্গায় বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় নারী নিহত

বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ছবি: আগামীর সময়
চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় আহরণ খাতুন (৪৫) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।
গতকাল বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার পাতিলা গ্রামের দত্তনগর পাতিলা কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আহরণ খাতুনের স্বামী মো. সাহাদুল (৫৫) ও তাদের ছেলে মো. আসিফ কবীর (২৮)। তাদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে। বাকি দুইজন হলেন সেলিম মোল্লা (৩৫) ও মো. মজনু (৩০)। তাদের বাড়ি একই উপজেলার কেশবপুর গ্রামে।
স্থানীয়দের বরাতে জীবননগর থানার ওসি মো. সোলায়মান শেখ জানিয়েছেন, যাত্রীরা জীবননগর বাজার থেকে অটোরিকশায় করে নিজ নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে পাতিলা কবরস্থানের সামনে পৌঁছালে উল্টোদিক থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সবাই আহত হন। তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহরণকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।




