বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামের এক শিক্ষিকা। বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে ঘটে এ দুর্ঘটনা। নিহত তাসপিয়া আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল। তিনি বলেন, ফরাজী হাসপাতালের সামনে রমজান পরিবহনের একটি বাস ও অপর একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, এ ঘটনায় রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। দুই বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নিহতের ভাই এনাম আহমেদ জানান, তার বোন কোনো কাজে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তার বোন দুর্ঘটনার শিকার হয়েছেন।
নিহত তাসপিয়ার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসরপাড়ায়। তার বাবার নাম শফিউদ্দিন আহমেদ। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় নিজ বাড়িতে থাকতেন।




