টেকনাফে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার

অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে অপহৃত এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/৪ ব্লকের একটি চায়ের দোকানের সামনে থেকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ওই যুবককে অপহরণ করে। পরে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ওই রোহিঙ্গা যুবকের নাম সৈয়দ আমিন (৩৪)। তিনি ক্যাম্প-২৭-এর বি/১৩ ব্লকের বাসিন্দা। এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।
রাতেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ১৬ এপিবিএন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণের খবর পেয়ে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের পুলিশ পরিদর্শক হরিদাস মণ্ডলের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল দ্রুত অভিযান শুরু করে। একপর্যায়ে ক্যাম্প-২৭-এর বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে ওই এলাকা থেকে সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এপিবিএন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অর্থাৎ অপহরণের প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।




