নরসিংদীতে টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি: আগামীর সময়
নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সকালে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশনসংলগ্ন ভাই ভাই স্টোর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম মুন্সি (৪৫)। তিনি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলস ব্যবসার করতেন।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ছিল রফিকুলের। তবে রাত ১০টা পার হলেও বাড়ি না ফেরায় তার খোঁজে দোকানে যান স্ত্রী। দোকানে গিয়ে তিনি দেখেন, শাটার নামানো থাকলেও সেটি তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে ঢুকে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ওসি মুজিবুর রহমান বলেছেন, মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।






