অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের হাটহাজারীতে অটোরিকশায় আসা অজ্ঞাত অস্ত্রধারীর গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
পুলিশের ভাষ্য, আহত যুবক ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
আজ সোমবার বিকালে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুহাম্মদ আরাফাত (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে।
ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ তানভীর আহসান জানালেন, আরাফাত ছাত্রদলের কর্মী। তার সঙ্গে একই এলাকার ছাত্রদলের আরেক কর্মী আরিফের বিরোধ আছে। আরিফ স্থানীয় বিএনপি নেতা রুবেলের অনুসারী হিসেবে পরিচিত। তারা ছাত্রদলের কোনো পদে আছেন কি না, সেটা পুলিশ নিশ্চিত হতে পারেনি।
‘নিজেদের মধ্যে বিরোধ মীমাংসার জন্য আজ বিকালে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগে কিংবা পরে আরাফাতকে গুলি করার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে আসা এক বা একাধিক অস্ত্রধারী হাটহাজারীর মদুনাঘাট বাজার থেকে আরাফাতকে ধাওয়া শুরু করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় নির্জন স্থানে তাকে লক্ষ্য উপর্যুপরি কয়েক রাউন্ড গুলি করে আবার অটোরিকশায় করে চলে যায় অস্ত্রধারীরা। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।’
এলাকাটি নির্জন হওয়ায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি বলেও জানালেন এসআই তানভীর আহসান। তিনি বললেন, ‘আরাফাত ও আরিফের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে কী নিয়ে বিরোধ সেটা জানা যায়নি। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও পাওয়া যাচ্ছে না।’






