বার্সেলোনায় ফিরলেন সের্হিও বুসকেতস

সংগৃহীত ছবি
বার্সেলোনায়
ফিরেছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি মিডফিল্ডার সের্হিও বুসকেতস। খেলোয়াড়ি জীবনের ইতি
টানার পর এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে কাতালান ক্লাবটিতে ফিরেছেন তিনি। স্পেনের
চতুর্থ স্তরের লিগে খেলা বার্সেলোনার রিজার্ভ দল বার্সা অ্যাথলেটিকের কোচিং স্টাফে
যোগ দিয়েছেন বুসকেতস।
৩৮ বছর বয়সী বুসকেতস
চলতি মৌসুমে প্রধান কোচ হুলিয়ানো বেলেত্তির সহকারী হিসেবে কাজ করবেন। একই সঙ্গে নিজের
কোচিং লাইসেন্সের প্রয়োজনীয় কোর্সও সম্পন্ন করবেন তিনি।
একসময় স্পেনের দ্বিতীয় বিভাগের দল ছিল বার্সা অ্যাথলেটিক।
২০১৮ সালেও দ্বিতীয় স্তরে খেলেছে তারা। এরপর দুই ধাপ নিচে নেমে বর্তমানে সেগুন্দা ফেদেরাসিওনে
খেলছে। বেলেত্তি ও বুসকেতসের মূল দায়িত্ব হবে দলটিকে ভালো স্তরে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি
মূল দলের জন্য তরুণ ফুটবলার তৈরি করা।
২০০৫
সালে কিশোর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন বুসকেতস। রিজার্ভ দলের হয়ে ২৫ ম্যাচ
খেলার পর পেপ গার্দিওলার অধীনে মূল দলে জায়গা করে নেন তিনি। এরপর বার্সেলোনার হয়ে ৭২২ ম্যাচ খেলেন বুসকেতস।
ক্লাবটির ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল লিওনেল মেসি ও জাভি হার্নান্দেস।
বার্সার জার্সিতে তিনি জিতেছেন নয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা।
স্পেন জাতীয় দলের হয়েও ছিল বুসকেতসের স্বপ্নের ক্যারিয়ার।
১৪৩ ম্যাচ খেলে ২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলের
গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
বার্সেলোনা
ছাড়ার পর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন বুসকেতস। সেখানে সাবেক
বার্সেলোনা সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজের সঙ্গে
খেলেন তিনি। ইন্টার মায়ামির হয়ে ১১৬ ম্যাচ
খেলেছেন বুসকেতস। ২০২৩ সালে লিগস কাপ এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতে খেলোয়াড়ি জীবনের
ইতি টানেন তিনি।
এবার সেই বার্সেলোনাতেই নতুন
ভূমিকায় ফিরলেন ক্লাবটির অন্যতম সফল মিডফিল্ডার। তরুণ ফুটবলারদের গড়ে তোলার মধ্য দিয়ে
শুরু হচ্ছে সের্হিও বুসকেতসের কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়।






