পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

সংগৃহীত ছবি
পূজামণ্ডপ থেকে ফেরার পথে নির্জন সড়কে ডাকাতের কবলে পড়েছেন চার নারী। সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে মুখোশধারী ডাকাত। পরে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। একই পথে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন এলাকার ঘটনা এটি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য, নির্জন সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে দেশীয় অস্ত্রধারী ৫ থেকে ৬ জনের একটি দল। মুখোশ পরা দুর্বৃত্তরা সেখানে অবস্থান নিয়ে যানবাহনের যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নেয়।
ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় এক যুবক দুর্বৃত্তদের কবলে পড়ার আশঙ্কায় কাছের একটি মোড়ে থাকা লোকজনকে ডাকাতির খবর দেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগেই পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানে থাকা চার নারী ডাকাতদের কবলে পড়েন। অভিযোগ, তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই পথ দিয়ে যাওয়া আরেকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নগদ অর্থ ও অন্যান্য মালামাল খোয়া যাওয়ার অভিযোগও রয়েছে। তবে ভুক্তভোগীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন বলেন, ‘রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশও সেখানে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্জনতার সুযোগ নিয়ে এর আগেও একই সড়কে মাঝেমধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।




