কমলগঞ্জে ট্রেনিং সেন্টার স্থাপনে কাজ চলছে: শ্রমমন্ত্রী

ছবি: আগামীর সময়
শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পূজারী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ত্রী বলেন, ‘কমলগঞ্জের শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে।’ তিনি আরও বলেন, মণিপুরী সম্প্রদায়ের সঙ্গে তাঁর নিবিড় বন্ধন রয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার ও তাঁর দল সচেষ্ট রয়েছে।
তিনি সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়নেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), যুগ্ম সচিব দেবজিত সিংহ, উপসচিব বিজন কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, সার্কেল এসপি ওয়াহিদুজ্জামান রাজু, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন এবং শিববাজার সার্বজনীন শিবমন্দির পূজামণ্ডপের সভাপতি অনিল কুমার সিংহ।
পরে মন্ত্রী আদমপুর সার্বজনীন পূজামণ্ডপ, কমলগঞ্জ ও মুন্সীবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।



