ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

ছবি: আগামীর সময়
পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে সাবেরা বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল ৫টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের কাছে বাঘইল উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সাবেরা বেগম বাঘইল উত্তরপাড়া গ্রামের মৃত আলী শিকদারের স্ত্রী। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকালে রেললাইনের পাশে নিজের ছাগল আনতে গিয়েছিলেন সাবেরা বেগম। এ সময় রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর 'কপোতাক্ষ এক্সপ্রেস' ট্রেনটি এলাকা অতিক্রম করছিল। বৃদ্ধার শ্রবণ সমস্যা থাকায় তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি। ফলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়ার শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।






