টেকনাফে ভেসে আসা মরদেহ নৌকাডুবিতে নিখোঁজ রোহিঙ্গার

গ্রাফিকস: আগামীর সময়
টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া রোহিঙ্গা মোহাম্মদ কবিরের বলে শনাক্ত করেছে তার পরিবার। পরে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশও।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া হাজীপাড়া বেড়িবাঁধসংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। স্থানীয়দের খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত মোহাম্মদ কবির উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর এইচ-৮ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম রহমত উল্লাহ।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বেড়িবাঁধের কংক্রিট ব্লকের মধ্যে কাপড়বিহীন অবস্থায় মরদেহটি আটকে ছিল। পরে সেটি উদ্ধার করে পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়া হয়।
উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি মনির আহমদ জানান, শুক্রবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম উপকূলে উত্তাল সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় মোহাম্মদ কবির নিখোঁজ হন। শনিবার বিকেলে উপকূল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার ছোট ভাই ফয়সাল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বলেন, ‘বেড়িবাঁধের ব্লকের ভেতরে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘শাহপরীরদ্বীপ উপকূলে ভেসে আসা মরদেহটি পরিবারের সদস্যরা নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’






