প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগে ৪ সাংবাদিকের নামে মামলা

মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে অভিযোগ করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম।
শুনানি শেষে আমলী আদালতের বিচারক মেহেদী হাসান অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামস।
অভিযোগে বলা হয়েছে, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে ‘এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে পোস্ট করা হয়।
এ ছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্যও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মামলার বাদী তানভীর আলম জানিয়েছেন, বিবাদীরা কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রকাশ ও প্রচার করেছেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ভাষ্য, বিবাদীরা পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং মীর শাহে আলমকে হেয় করার চেষ্টা করেছেন। একই সঙ্গে তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।





