ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: আগামীর সময়
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে একটি মালবাহী ট্রেন। এতে বন্ধ হয়ে গেছে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর সাব্দালপুর স্টেশন মাস্টার রিপন আলী।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
স্টেশন মাস্টার জানান, রাত ৩টার দিকে একটি মালবাহী ট্রেন ছেড়ে আসে খুলনার মোংলা থেকে। ট্রেনটি পার হওয়ার সময় লাইন বসে গেছে। এ সময়ে আটকে পড়ে যাত্রাবাহী চিত্রা এক্সপ্রেস ট্রেন।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে উদ্ধারকৃত ট্রেন এসে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।
আজ সকাল ৮টার দিকে আটকা পড়া ট্রেন চিত্রা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সম্পূর্ণ ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে তিনি আরও জানান।





