দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি সাজু সম্পাদক মিকা

সভাপতি সাজু সম্পাদক মিকা
দীর্ঘদিন পর এক ছাতার নিচে একত্রিত হলো জামালপুরের দেওয়ানগঞ্জের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। আতিকুর রহমান সাজুকে সভাপতি ও আব্দুর রাজ্জাক মিকাকে সাধারণ সম্পাদক করে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে আগামীর সময়ের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদকে।
শনিবার (৩ অক্টোবর) রাতে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শেষে সাবেক সভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজের বিল্লাল মন্ডল, বাংলা বাজার পত্রিকার আশরাফ হোসেন রাজা, চ্যানেল এসের ফারুক মিয়া, দৈনিক আমার সময়ের দেলোয়ার হোসেন ও দৈনিক বাংলার নজরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে প্রতিদিনের বাংলাদেশের মহসিন রেজা রুমেলকে। সহসাধারণ সম্পাদক হয়েছেন জাহিদুল ইসলাম পিকুল। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু, সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সাহিত্যবিষয়ক সম্পাদক নুর এলাহী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আজাদ হোসেন, প্রচার সম্পাদক মির প্লাবন লাভলু এবং দপ্তর সম্পাদক করা হয়েছে মোজাহেদুল ইসলাম খালেদকে।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সাংবাদিক নয়া দিগন্তের খাদেমুল ইসলাম, যুগান্তরের দেওয়ানগঞ্জ প্রতিনিধি মদন মোহন ঘোষ, ইত্তেফাকের রেজাউল করিম এলান ও শাহীন মাহমুদ সাদা।
তবে নতুন কমিটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান সাজু। তিনি বলেন, ‘এটি সংযোজন ও পরিবর্তন হতে পারে। তবে বিয়োজন হওয়ার কোনো সুযোগ নেই।’ পরবর্তীতে নতুন সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এর আগে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যমান কয়েকটি প্রেসক্লাব বিলুপ্ত ঘোষণা করা হয়। এসব ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নতুন প্রেসক্লাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগের সংগঠন থেকে সরে আসার ঘোষণা দেন।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন দেওয়ানগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। দীর্ঘদিন পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন একত্র হয়ে নতুন কমিটি গঠন করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।




