টঙ্গীতে পুলিশের ওপর পাথর ছুড়ে আসামি ছিনতাই

আহত পুলিশ কনস্টেবল মো. মাসুদ হাসপাতালে চিকিৎসা নিয়ে অটোরকিশায় উঠছেন। ছবি: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মাসুদ নামে এক কনস্টেবল আহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেরানীরটেক এলাকার একটি মাদক বস্তিতে অভিযান চালায়। এ সময় রাহুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি পুলিশের গতিরোধ করে। একপর্যায়ে তারা রেললাইনের পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকে। এতে কনস্টেবল মাসুদ পাথরের আঘাতে আহত হন। পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেছেন, ‘আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’




