চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামের বহির্নোঙরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি
চট্টগ্রামের বহির্নোঙরে কোস্ট গার্ডের অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক হয়েছে দুই মাদক কারবারি। গতকাল সোমবার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় গতকাল মধ্যরাত ৩টায় অপারেশন সমুদ্র পাহারায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




