চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুসহ দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ জন।
এ নিয়ে চলতি মাসে ৬৫৩ জন আক্রান্তের বিপরীতে মারা গেল চারজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো শেষ ২৪ ঘণ্টার (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে মারা গেছে রোজাইনা মমজিদ নামে ৪ বছরের এক শিশু। বুধবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ৬ সেপ্টেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের স্থায়ী ঠিকানা ঢাকার তেজগাঁও এলাকায়।
ডেঙ্গুতে মারা যাওয়া অপরজনের নাম রাশেদা বেগম (২৯)। তিনি সন্দ্বীপের বাসিন্দা। ৫ সেপ্টেম্বর ডেঙ্গু নিয়ে তিনি নগরের মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে ২০১ জন চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর মোট ২ হাজার ৬৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯ জন মারা যান।
তবে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গুর হিসাবের বাইরেও রোগী থাকতে পারে। কারণ সিভিল সার্জন অফিসে সব হাসপাতাল ও ল্যাব থেকে নিয়মিত তথ্য পাঠানো হয় না।






