মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ক্ষতিপূরণ কেলেঙ্কারির রায় ৩০ নভেম্বর

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
বহুল আলোচিত মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৩০ নভেম্বর। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলাটির বিচার চলছে। রায় ঘোষণার আগে আজ মামলার আসামি কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচজনের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রুহুল আমিনসহ পলাতক ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন আগামীর সময়কে জানিয়েছেন, মামলার অভিযোগপত্রে মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি ৩৪ জনের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রমের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ আছে। অন্য ১৫ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছিল।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়। এ অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অধিগ্রহণ করা জমিতে ২৫টি চিংড়ি প্রকল্প দেখিয়ে আসামিরা ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করেন। তবে দুদকের তদন্তে উঠে আসে, ওই জমিতে বাস্তবে চিংড়ি চাষ হতো না। যাদের জমির মালিক ও বর্গাদার হিসেবে দেখানো হয়েছিল, তাদের বৈধ কোনো দলিলও ছিল না।
দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জাল চুক্তিনামা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ২০টি চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ছাড়া আরও ২৬ কোটি ৪১ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের চেষ্টা করা হয়।
এ ঘটনায় ২০১৪ সালের ৭ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয়-২-এর তৎকালীন উপপরিচালক সৈয়দ আহমেদ ২০১৭ সালের ৩ এপ্রিল ৩৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।




