গোলটেবিল আলোচনা
মাতারবাড়ী বন্দরের অতিরিক্ত নির্মাণব্যয়ে উদ্বেগ
- ঋণের বোঝা নয় মাতারবাড়ী বন্দরকে লাভজনক করার তাগিদ

সংগৃহীত ছবি
মাতারবাড়ী সমুদ্রবন্দর ঘিরে অতিরিক্ত নির্মাণব্যয়, ড্রেজিংয়ের খরচ ও সীমিত কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের সুযোগ কাজে লাগাতে না পারলে বন্দরটি দেশের জন্য লাভজনক সম্পদ না হয়ে ঋণের বোঝা বা ‘শ্বেত হস্তি’তে পরিণত হতে পারে। এজন্য মিয়ানমার, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বাড়িয়ে মাতারবাড়ীকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত পরিকল্পনায় জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূরাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেছেন বক্তারা।
তারা বলেছেন, সোনাদিয়ায় ১৮ মিটার প্রাকৃতিক গভীরতার গভীর সমুদ্রবন্দর নির্মাণের সম্ভাবনা হাতছাড়া হয়েছে। পরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত চ্যানেলকে কেন্দ্র করে মাতারবাড়ী বন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তবে প্রকল্পটির ব্যয়, নিয়মিত ড্রেজিংয়ের প্রয়োজনীয়তা এবং কনটেইনার পরিবহনের সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এর বাণিজ্যিক সম্ভাব্যতা নিশ্চিত করা জরুরি।
তাদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই বন্দর লাভজনক হবে না। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের সুযোগ কাজে লাগাতে হবে।
সাবেক রাষ্ট্রদূত আমসা আমিন বলেছেন, জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মানবাধিকারকর্মী, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক রুবি আমাতুল্লাহ বলেছেন, বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের বড় সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ অন্যরা।



