চট্টগ্রাম
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও নানা অনিয়ম বন্ধের দাবিতে বহদ্দারহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এ সময় বক্তারা গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাবের উদ্যোগে বহদ্দারহাট চত্বরে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে ক্যাবের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি বা পরিচালনা ব্যয় বাড়ার অজুহাতে নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ম মেনে তা পুনর্নির্ধারণ করতে হবে।
তিনি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত তদারকি, ভাড়া তালিকা প্রকাশ্যে প্রদর্শন এবং অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে চট্টগ্রামে শিক্ষার্থীদের জন্য হাফ (অর্ধেক) ভাড়া চালু এবং গণপরিবহনের আধুনিকায়নের পাশাপাশি বিআরটিসির বাস বাড়ানোর দাবি জানান।
বক্তারা বলেন, অনেক রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি গন্তব্যের আগে যাত্রী নামিয়ে দেওয়া ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এসব বন্ধে কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন রাজনীতিবিদ মিটুল দাশ গুপ্ত, ক্যাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, সদস্য জানে আলম, ইসমাইল ফারুকী, আবু হানিফ নোমান প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পায়।






