৬৫ দিন সূর্য ওঠে না যে শহরে

দিনের বেলাও অন্ধকার উটকিয়াগভিক
ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশ অন্ধকার। দুপুর হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা- তবু সূর্যের দেখা নেই। পরদিনও একই অবস্থা। এভাবে এক দিন, দুই দিন নয়; টানা ৬৫ দিন সূর্য উঠবে না।
অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীর একটি শহরের বাসিন্দাদের জন্য এটি প্রতিবছরের নিয়মিত ঘটনা।
শহরটির নাম উটকিয়াগভিক। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একেবারে উত্তরে, আর্কটিক মহাসাগরের তীরে এর অবস্থান। একসময় শহরটি ব্যারো নামে পরিচিত ছিল। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে শীতকালে দীর্ঘ সময় সূর্য দিগন্তের ওপরে ওঠে না।
২০২৬ সালের ১৮ নভেম্বর ছিল শহরটির বছরের শেষ সূর্যাস্ত। স্থানীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে অস্ত যায় সূর্য। এরপর শুরু হয় দীর্ঘ অন্ধকারের পালা। ২০২৭ সালের ২৩ জানুয়ারি আবার সূর্যোদয় দেখবেন শহরটির বাসিন্দারা। অর্থাৎ, প্রায় ৬৫ দিন সূর্যকে দেখা যাবে না আকাশে।
কেন এমন হয়?
এর কারণ পৃথিবীর অক্ষের হেলে থাকা। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার পাশাপাশি নিজের অক্ষের ওপরও হেলে ঘোরে। এই অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কাত হয়ে আছে। ফলে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো পড়ার পরিমাণে পরিবর্তন ঘটে।
শীতকালে উত্তর মেরু সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। ফলে মেরু অঞ্চলের কাছাকাছি জায়গাগুলোতে সূর্য দীর্ঘ সময় দিগন্তের নিচে অবস্থান করে। এই ঘটনাকে বলা হয় পোলার নাইট বা মেরুরাত্রি। উটকিয়াগভিক উত্তর মেরুর এত কাছে যে প্রতিবছর সেখানে কয়েক সপ্তাহ ধরে সূর্যোদয় ঘটে না।
অন্ধকার মানেই কি ঘুটঘুটে রাত?
এখানে একটি মজার ব্যাপার আছে। টানা ৬৫ দিন সূর্য না উঠলেও শহরটি পুরোপুরি অন্ধকারে ডুবে থাকে না। দিনের একটা সময়ে আকাশে দেখা যায় গোধূলির মতো আলো। সূর্য দিগন্তের নিচে থাকলেও তার আলো বায়ুমণ্ডলে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে চারপাশ কিছুটা উজ্জ্বল করে তোলে।
বিশেষ করে দুপুরের দিকে কয়েক ঘণ্টা নীলচে আলোয় চারপাশের বরফে ঢাকা প্রান্তর দেখা যায়। তবে সূর্যের সরাসরি আলো থাকে না। ডিসেম্বরের ২১ তারিখ, বছরের সবচেয়ে ছোট দিনে, এই আলোও থাকে খুব অল্প সময়ের জন্য।
এমন পরিবেশে জীবনযাপন সহজ নয়। দীর্ঘ অন্ধকার মানুষের ঘুম, দৈনন্দিন কাজকর্ম ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই বাসিন্দারা নিজেদের জীবনযাত্রার সঙ্গে এই দীর্ঘ শীতের অন্ধকারকে মানিয়ে নিয়েছেন।
তবে অন্ধকার চিরস্থায়ী নয়। জানুয়ারির শেষ দিকে দিগন্তের ওপর আবার উঁকি দেয় সূর্য। ধীরে ধীরে বাড়তে থাকে দিনের দৈর্ঘ্য। আর কয়েক মাস পর এই শহরেই শুরু হয় ঠিক উল্টো দৃশ্য। তখন রাতেও সূর্য ডোবে না। সেই সময়কে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য।
একই শহরে তাই প্রকৃতির দুই বিপরীত দৃশ্য দেখা যায়- কখনো টানা ৬৫ দিন সূর্যহীনতা, আবার কখনো মাসের পর মাস সূর্যাস্তহীন দিন!
সূত্র: অ্যাকুওয়েদার, ওয়েদার ডটকম





