প্রশান্ত মহাসাগরের সমুদ্রতল ইজারা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আমেরিকান সামোয়ার নিকটবর্তী ফেডারেল সমুদ্রতলের লাখ লাখ একর এলাকায় গভীর সমুদ্রে খনির ইজারা গত বৃহস্পতিবার নিলামে তুলেছে ট্রাম্প প্রশাসন। প্রায় ৩ কোটি ১৫ লাখ একর বিস্তীর্ণ মহাসাগরীয় অঞ্চল একটি বেসরকারি গভীর সমুদ্রখনি উত্তোলনকারী প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) গত শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০ বছরমেয়াদি এই দুটি ইজারা যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম ঘটনা। গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এ পদক্ষেপ। এটির লক্ষ্য চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পদ প্রতিযোগিতার মোকাবিলায় গভীর সমুদ্রের খনিজ সম্পদকে কাজে লাগানো। এই ইজারাগুলো এরই মধ্যে বেশ কিছু আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। মেরিন মিনারেলস অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গভীর সমুদ্রে খনিজ আহরণকারী স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ওয়েটস্টোন ইউএস ভেঞ্চারস’ প্রতিটি ইজারা এলাকা ন্যূনতম দরে (৩০ লাখ ডলার) কিনে নিয়েছে। নিলামে দুজন দরদাতা থাকলেও শুধু ওয়েটস্টোনই দর প্রস্তাব করেছিল। এলাকাবাসীর তীব্র বিরোধিতা এবং বিক্রয় প্রক্রিয়া থামানোর জন্য করা তিনটি মামলা সত্ত্বেও এগিয়েছে নিলামটি।



