আমেরিকান স্বপ্ন ফিরে এসেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। এই উদ্যাপনের মঞ্চকে শক্তি প্রদর্শনের জন্য বেছে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মুখে কমিউনিজমের নিন্দা। পাশাপাশি তার বক্তব্যে উঠে এসেছে আমেরিকার শৌর্যবীর্যের গল্প।
ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে নিজের প্রশংসা করতে অবশ্য ভোলেননি রিপাবলিকান এই প্রেসিডেন্ট। যদিও এই কাজ করতে তিনি কখনোই ভোলেন না।
যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট তার বক্তব্যে ভেনেজুয়েলা ও ইরানে তার হস্তক্ষেপের বিষয়েও কথা বলেছেন।
ট্রাম্পের বক্তৃতায় তার নিজস্ব আইন প্রণয়ন কর্মসূচির কথাও উঠে এসেছে। তিনি কথা বলেছেন ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামক ভোটাধিকার সংস্কার এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ, সেই সঙ্গে দ্বিতীয় সংশোধনী, অর্থাৎ অস্ত্র রাখার অধিকার রক্ষার প্রচেষ্টা নিয়ে।
এ সময় উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ট্রাম্প বলেছেন, আমেরিকান স্বপ্ন ফিরে এসেছে।
আমেরিকার গৌরব ফিরিয়ে আনা নিয়ে বারবার গর্ব করতে শোনা যায় মার্কিন এ প্রেসিডেন্টকে।
যদিও বৈশ্বিক অঙ্গনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র রয়েছে বেকায়দায়। ইরান যুদ্ধে সুবিধা করতে না পেরে ঘরে-বাইরে সমালোচনা সইতে হচ্ছে ট্রাম্পকে। এ যুদ্ধের কারণে মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ওয়াশিংটনের। পাশাপাশি ভেনেজুয়েলায় অযাচিত হস্তক্ষেপ ট্রাম্পকে পরিণত করেছে ‘ভিলেনে’।
আমেরিকার ভবিষ্যৎ নিয়ে জাঁকজমকপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় ট্রাম্পের ৪০ মিনিটের ভাষণ।
ভাষণের শেষে এসে তিনি মন্তব্য করেন, এটি আমেরিকার স্বর্ণযুগের কেবল শুরু। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ও নিয়তি ঈশ্বরের দ্বারা নির্ধারিত।
ট্রাম্প রসিকতার ছলে প্রতিকূল আবহাওয়ার কথা উল্লেখ করলেও, উপস্থিত জনতাকে তাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানান।
প্রতিকূল আবহাওয়ার কারণে ওয়াশিংটন ডিসির উদ্যাপন কিছুটা ব্যাহত হয়েছে। এ ছাড়া উদ্যাপন ব্যাহত হয়েছে ফিলাডেলফিয়াসহ বিভিন্ন শহরে।
সূত্র: বিবিসি





