যেকোনো উপায়ে দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি / রয়টার্স
ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনা অথবা সামরিক পদক্ষেপ— যেকোনো উপায়ে এ যুদ্ধের অবসান ঘটবে।
স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছেন, ‘একভাবে হোক বা অন্যভাবে, খুব দ্রুতই এ সংঘাতের সমাধান হবে।’ এ সময় তেহরানকে হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘হয় তারা আমাদের সবকিছু দেবে, নয়তো তাদের আর অস্তিত্ব থাকবে না।’
বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাত শেষ হলে তেল ও পেট্রলের দাম দ্রুত কমে যাবে। এমনকি যুদ্ধ শুরুর আগের দামের চেয়েও কমে আসবে বলে দাবি করেছেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিপুল পরিমাণ তেল ট্যাংকারে আটকে আছে। সংঘাত শেষ হলে এসব তেল সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম দ্রুত কমবে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ছিল প্রায় ২ ডলার ৯৮ সেন্ট।
তবে সংঘাত চলতে থাকায় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত বা বন্ধ থাকায় জ্বালানির দাম বেড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সাধারণ পেট্রলের প্রতি গ্যালনের জাতীয় গড় দাম ৪ ডলার ৩৯ সেন্ট ছাড়িয়েছে।
একই সঙ্গে তেল শোধনাগার ও জ্বালানি বিক্রেতাদের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্পের এ বক্তব্যের আগে ঘোষণা দিয়েছিলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। তবে নির্বাচনের পর আবার সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খোলা রেখেছেন তিনি।
এদিকে ইরান যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতাও চলছে। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় ইরান সংকট সমাধানে মস্কোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প।
সূত্র : আলজাজিরা




