ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে কথা বলব: ট্রাম্প

ক্রিমিয়ার ইয়াল্টায় ‘ইয়াল্টা ২.০’ শীর্ষক প্রদর্শনীতে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের আঁকা ছবি দেখছেন দর্শনার্থীরা। ফাইল ছবি / রয়টার্স
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে তাদের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, শি ও পুতিনের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ইরানের যুদ্ধ বন্ধের চেষ্টাও আলোচনায় থাকবে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখতে সফল হচ্ছে।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের স্থলপথে সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’ শুরু হয়েছে। এর ফলে স্থলপথে ইরানে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। নৌ অবরোধের কারণে পানিপথেও সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি করেছেন তিনি।
এদিকে, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ওই মন্তব্য নিয়ে অনেকে অসন্তুষ্ট হলেও ট্রাম্প বলেছেন, এতে তাদের সম্পর্কে কোনো প্রভাব পড়েনি। তবে ভ্যান্সের আরও স্পষ্ট করে বলা উচিত ছিল, আবার সুযোগ পেলেও ইরানে হামলার সিদ্ধান্ত নেওয়া হতো। ট্রাম্পের ভাষায়, এর উত্তর ‘হ্যাঁ’।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তার দাবি, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি বিশ্বকে ধ্বংস করে দিতে পারত। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৫ সালে দেশটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তিগুলোর সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছিল। এর বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন।
অন্যদিকে, ইরান যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার। এ বিষয়ে কথা বলতে আজ হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।
হোয়াইট হাউসের সূচি অনুযায়ী, বৈঠকটি হবে রুদ্ধদ্বার। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অংশ নেবেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান-প্রদান করছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে মতপার্থক্য দূর করার চেষ্টা করছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি এবং শিগগির কোনো সমঝোতার সম্ভাবনাও তিনি দেখছেন না।
তবে ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি থাকলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম।
সূত্র : আলজাজিরা




