মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কী বলছে ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ইরানের প্রধান আলোচক বলেছেন, মার্কিন ভোটাররা ‘যুদ্ধ নয়’ বার্তা দিয়েছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রধান প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, ‘আমরা এই বার্তার সঙ্গে একমত।’ এরপর সতর্ক করে তিনি বলেন, মার্কিন সরকার যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক স্বার্থগোষ্ঠী ও ব্ল্যাকমেইলকারীদের স্বার্থ রক্ষা করে, তাহলে তাদের ‘না’ বলার পরিণতি ভয়াবহ হবে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এর একটি কারণ ছিল ইরান।’
যুদ্ধের কারণে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় ভোটারদের অসন্তোষ তৈরি হয়েছে বলেও স্বীকার করেন তিনি। তবে ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর সিদ্ধান্তে অনুশোচনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।
বিবিসির যুক্তরাষ্ট্রবিষয়ক সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি যখন বলব, তখনই এই সংঘাত শেষ হবে।’
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন না। যুদ্ধের প্রথম দিন ইসরায়েলের বিমান হামলায় তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। একই হামলায় মোজতবা গুরুতর আহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
এদিকে বুধবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, এর মধ্যে দুটি জাহাজ তখনো জ্বলছিল।
নিষিদ্ধ দক্ষিণ দিকের পথ দিয়ে চলাচলের চেষ্টা করায় আরও দুটি ট্যাংকার আটক করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। তবে বিবিসি ভেরিফাই চারটি ট্যাংকার ধ্বংস হওয়ার দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওমানের মুসান্দাম উপদ্বীপের লিমাহ উপকূলের ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকারে অজ্ঞাত দুটি বস্তু আঘাত হানে। এতে কেউ হতাহত হননি।
এর আগে সোমবার লিমাহর উত্তর-পূর্বে একটি কাঠের নৌকায় হামলায় ভারতীয় এক নাবিক নিহত হন। ওমানের কর্তৃপক্ষ বাকি ১৩ জনকে উদ্ধার করে।
আইআরজিসি বুধবার আরও দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে তারা। সোমবার রাতেও একই ধরনের দাবি করেছিল ইরান। সে সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরানের কেশম দ্বীপে সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
যুদ্ধ বন্ধে কয়েক মাস ধরে চলা পরোক্ষ আলোচনা থমকে আছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকার সংলাপের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে। যুদ্ধ আবার শুরু হলে কেউ লাভবান হবে না বলেও সতর্ক করেছেন তিনি। তার ভাষ্য, আগে আলোচনার জন্য নিষিদ্ধ বলে বিবেচিত কিছু বিষয়েও আলোচনার অনুমতি দিয়েছেন সর্বোচ্চ নেতা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কাতারের মধ্যস্থতায় চলা পরোক্ষ আলোচনার ভিত্তি এখনো সেপ্টেম্বরে দেওয়া ইরানের সাত ধাপের প্রস্তাব। তবে প্রস্তাবটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে দুই দিনের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব হয়।
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে যায়। যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে কার্যত বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই জলপথ।
জুনে যুদ্ধ বন্ধ ও প্রণালি খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও কয়েক সপ্তাহের মধ্যে তা ভেঙে পড়ে। এরপর উপসাগরীয় আরব দেশগুলোর তেল রপ্তানি সচল রাখতে প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
সূত্র : বিবিসি




