কার্গোর ধাক্কায় ডুবলো বিলাসবহুল জাহাজ, অলৌকিকভাবে উদ্ধার সব যাত্রী

কার্গো জাহাজ আটলান্টিক অ্যাসফল্টের ধাক্কায় আমেরিকান হেরিটেজ নামের প্রমোদতরিটি প্রথমে এক পাশ হয়ে পরে নদীতে ডুবে যায়। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে নোঙর করা বিলাসবহুল একটি প্রমোদতরি। তবে জীবিত উদ্ধার করা হয়েছে জাহাজটিতে থাকা প্রায় ১৩০ যাত্রীর সবাইকে। এ ঘটনায় ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।
গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মিসিসিপি নদীতে ঘটে এই দুর্ঘটনা। একে মিসিসিপির ‘অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন কর্মকর্তারা।
কার্গো জাহাজ আটলান্টিক অ্যাসফল্টের ধাক্কায় আমেরিকান হেরিটেজ নামের প্রমোদতরিটি প্রথমে এক পাশ হয়ে পরে নদীতে ডুবে যায়। নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় নাবিক ছাড়াও জাহাজটিতে ১৩০ জন যাত্রী ছিলেন।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানিয়েছেন, সংঘর্ষের পর জাহাজটি কাত হতে শুরু করলে যাত্রীদের নামিয়ে আনা হয়। পরে জাহাজটি একপাশ হয়ে নদীতে ডুবে যায়।
ঘটনার খবর পেয়ে টাগবোটের কর্মী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধার অভিযান পরিচালনার জন্য মিসিসিপি নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
মেয়র মোরেনো উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া কর্মীদের প্রশংসা করেছেন। তার বলেছেন, তারা আক্ষরিক অর্থেই যাত্রীদের সাহায্যে পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন।
তিনি জানিয়েছেন, এতো বড় দুর্ঘটনার পরও কোনো যাত্রী নিখোঁজ নেই। এত মানুষের জীবন রক্ষা পাওয়ার এই ঘটনাকে তিনি ‘মিসিসিপিতে সত্যিই এক অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত। মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম জানিয়েছেন, সংঘর্ষের আগে কার্গো জাহাজ আটলান্টিক অ্যাসফল্টের স্টিয়ারিং নিয়ন্ত্রণে কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড নামে এক ব্যক্তি জানিয়েছেন, সংঘর্ষের পর প্রমোদতরিটিকে ডকের সঙ্গে ধাক্কা খেতে দেখেছেন তিনি। তার কাছে ধাক্কার শব্দটি যুদ্ধের চলচ্চিত্রের মতো মনে হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, জাহাজটি ডুবে যাওয়ার সময় যাত্রী ও ক্রু সদস্যদের চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান। তাদের প্রাণ বাঁচাতে জাহাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখেন তিনি।
আমেরিকান হেরিটেজ জাহাজটি আট দিনের প্রমোদ ভ্রমণ শেষে লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্য ঘুরে দেখছিলেন। আমেরিকান ক্রুজ লাইনস পরিচালিত জাহাজটিতে সর্বোচ্চ ১৫০ জন অতিথি ভ্রমণ করতে পারেন।
২০১৫ সালে নির্মিত জাহাজটিতে অন্তত চারটি ডেক রয়েছে। এতে কাচে ঘেরা রেস্তোরাঁ, ফিটনেস সেন্টার এবং যাত্রীদের জন্য তিনটি লাউঞ্জও রয়েছে।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এটিকে ‘অবিশ্বাস্য কাজ’ হিসেবে উল্লেখ করেন।
সূত্র : বিবিসি





