মেক্সিকোর উপকূলে ধেয়ে যাচ্ছে ‘অত্যন্ত বিপজ্জনক’ হারিকেন পলো

ছবি: রয়টার্স
মেক্সিকোর উপকূলের কাছে দ্রুত শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৫ হারিকেনে পরিণত হয়েছে পলো। এটি প্রশান্ত মহাসাগরে এ মৌসুমের তৃতীয় ক্যাটাগরি-৫ ঝড়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) হারিকেন হান্টার উড়োজাহাজ পোলোর ভেতর দিয়ে যায়। সেখানে ঘণ্টায় প্রায় ১৮০ মাইল (২৮৫ কিলোমিটার) বেগে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে।
ঝড়টি খুব ধীরে এগোচ্ছে এবং এনওএএর জাতীয় হারিকেন কেন্দ্র একে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে সতর্ক করেছে।
পোলো মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূল ঘেঁষে এগোলেও সরাসরি স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম। তবে এর প্রভাবে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে ভারী বৃষ্টি হতে পারে।
এতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কোথাও ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল হওয়া এবং বিপজ্জনক ঢেউয়ের বিষয়েও সতর্ক করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, এখন পর্যন্ত পোলোর সরাসরি স্থলভাগে আঘাত হানার পূর্বাভাস নেই। তবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন তিনি। জালিসকো, কোলিমা ও মিচোয়াকান রাজ্যকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করেছেন।
অতি উষ্ণ সমুদ্রের পানির কারণে পোলোর শক্তি দ্রুত বাড়ছে। এনওএএর মতে, বর্তমানে ঝড়টির জন্য পরিবেশ অত্যন্ত অনুকূল। এই উষ্ণ পানি এল নিনো জলবায়ু পরিস্থিতির সঙ্গেও সম্পর্কিত। উষ্ণ সমুদ্রের পানি ঝড়কে বেশি শক্তি দেয় এবং বাতাসের গতিবেগ বাড়াতে পারে।
এল নিনো সাধারণত দুই থেকে সাত বছর পরপর দেখা দেয় এবং প্রায় এক বছর স্থায়ী হয়। এ সময় প্রশান্ত মহাসাগরের বাণিজ্যিক বায়ু দুর্বল বা উল্টো দিকে প্রবাহিত হতে পারে। এতে উষ্ণ পানি পূর্বদিকে ছড়িয়ে পড়ে এবং বায়ুমণ্ডলে বেশি তাপ ছড়িয়ে বৈশ্বিক তাপমাত্রা ও আবহাওয়ার ধরনেও পরিবর্তন ঘটাতে পারে।
সূত্র : বিবিসি




