মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল। ছবি : রয়টার্স
মার্কিন সেনাবাহিনীর সচিবের পদ থেকে প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ড্যান ড্রিসকল। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা মতবিরোধের পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।
ড্যান ড্রিসকল ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আর্মি সেক্রেটারি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহারের ওপর জোর দেন ড্রিসকল। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ড্রোন গাই’ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
ড্রিসকলের পদত্যাগের খবর নিশ্চিত করে তার প্রশংসা করেছে হোয়াইট হাউস।
সিবিএসকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের ‘আমেরিকাকে শক্তিশালী করার’ কর্মসূচি বাস্তবায়নে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন। সামরিক অভিযান পরিচালনাতেও তিনি অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।
তবে ড্রিসকল ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের মধ্যে ঠিক কী নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
সিবিএসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ড্রিসকল সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ র্যান্ডি জর্জের ঘনিষ্ঠ বন্ধু। জর্জকে হেগসেথ পদত্যাগ করতে বলেছিলেন বলে খবর রয়েছে।
ড্রিসকলের পদত্যাগের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনে সাম্প্রতিক সময়ে একের পর এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিদায়ের তালিকা আরও দীর্ঘ হচ্ছে।
হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল
০১ সেপ্টেম্বর ২০২৬
পেন্টাগনে দায়িত্ব নেওয়ার পর হেগসেথ এক ডজনের বেশি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের মধ্যে নৌবাহিনীর চিফ অব নেভাল অপারেশনস এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফও রয়েছেন।
ড্রিসকল নিজেও আগে মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর ক্যাভালরি প্লাটুনের নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০০৯ সালে কয়েক মাস ইরাকেও দায়িত্ব পালন করেছেন।
গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ড্রিসকল। এ জন্য তিনি বিভিন্ন দেশ সফর এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন।
ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের ক্ষেত্রেও ড্রিসকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ ছাড়া তিনি সাময়িকভাবে বিউরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)-এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ড্রিসকলের পদত্যাগ এমন এক সময়ে হয়েছে যখন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা ও সামরিক কাঠামোয় একের পর এক শীর্ষ পর্যায়ের পরিবর্তন ঘটছে।
সূত্র : বিবিসি








