হেগসেথ ও রুবিওর পদত্যাগের খবরকে ‘ভুয়া’ বলল হোয়াইট হাউজ

খোশমেজাজে ট্রাম্পের সঙ্গে মার্কো রুবিও ও পিট হেগসেথ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করতে পারেন, এমন গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প প্রশাসন থেকে কর্মকর্তাদের পদত্যাগের গুঞ্জন শুরু হয়। বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন হেগসেথ।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেগসেথকে দায়িত্বে রাখার ইচ্ছা রয়েছে তার।
অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে মার্কো রুবিও পদ ছাড়তে পারেন, এমন খবরও তিনি নিজেই নাকচ করেছেন।
অবশ্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বলে খবর দিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ইরান যুদ্ধ নিয়ে বিশেষভাবে সমালোচনার মুখে রয়েছেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্যও এই যুদ্ধকে দায়ী করা হচ্ছে।
দেশটির কংগ্রেসে হেরে বিদায় নিচ্ছেন, এমন এক রিপাবলিকান সদস্য জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই তিনি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনবেন।
এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করে অভিশংসনের উদ্যোগের সমালোচনা করেছেন হেগসেথ।
তিনি বলেছেন, ‘আমরা কার্যকর বলেই তারা আমাকে ও আমাদের আক্রমণ করছে। তবে এতে কোনো লাভ হবে না। আমরা পিছু হটব না।’
এদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার কথা ভাবছেন, এমন খবরও নাকচ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও জানিয়েছেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তার প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
রুবিওর ভাষ্য, তিনি বর্তমানে যে কাজ করছেন, তা তিনি ভালোবাসেন।
পদ ছাড়ার গুঞ্জন নিয়ে রসিকতা করে রুবিও বলেন, ‘লোকজন যখন বলে তিনি চাকরি ছেড়ে চলে যাচ্ছেন, তখন আমি হাসি। আমি বলি, কোন চাকরিটা ছাড়বো?’
হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরও রুবিওর পদত্যাগসংক্রান্ত খবরকে ‘ভুয়া’ বলেছে।
তবে রাজনৈতিকভাবে হেগসেথের ভবিষ্যৎ তুলনামূলক অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুজনেই রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। এই পরাজয়ের ফলে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুই কক্ষেই পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, হেগসেথকে নিয়ে তিনি বিভিন্নজনের ফোন পেয়েছেন। তবে হেগসেথকে দায়িত্বে রাখার পূর্ণ ইচ্ছা রয়েছে তার।
পরে বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হেগসেথ দারুণ কাজ করেছেন।’
হেগসেথের বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প। এর মধ্যে জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরান যুদ্ধের কথাও উল্লেখ করেন তিনি।
সূত্র : বিবিসি





