অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে ‘শক গ্লাভস’ কিনছে যুক্তরাষ্ট্র
- ৬ হাজার জোড়া কিনতে খরচ ১ কোটি ৬৭ লাখ ডলার

৬ হাজার গ্লাভসের পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক সরঞ্জামও কেনা হচ্ছে
যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান যখন আরও কঠোর হচ্ছে, ঠিক তখনই আইসের হাতে আসছে নতুন প্রযুক্তি—বৈদ্যুতিক শক-দেওয়া গ্লাভস। আটক বা প্রতিরোধকারী ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা যেতে পারে এসব গ্লাভস। এরই মধ্যে ৬ হাজার জোড়া গ্লাভস কিনতে ১ কোটি ৬৭ লাখ ডলারের চুক্তি করেছে আইস।
বৃহস্পতিবার প্রকাশিত ফেডারেল ক্রয়সংক্রান্ত নোটিস অনুযায়ী, আইস ১ কোটি ৬৭ লাখ ডলারের একটি চুক্তি করেছে কেন্টাকির লেক্সিংটনভিত্তিক প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসির সঙ্গে। চুক্তিতে ৬ হাজার গ্লাভসের পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম ও সেবা অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব সরঞ্জাম সরবরাহের কথা রয়েছে।
চুক্তিটি প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সরাসরি দেওয়া হয়েছে। বাইরে থেকে সাধারণ গ্লাভসের মতো দেখতে হলেও প্রযুক্তির দিক থেকে এগুলো সম্পূর্ণ ভিন্ন। প্রয়োজনের সময় কর্মকর্তা সুইচের মাধ্যমে গ্লাভস সক্রিয় করে খোলা ত্বকে স্পর্শের মাধ্যমে বৈদ্যুতিক শক দিতে পারবেন।
আইসের দাবি, গ্রেপ্তার, আটক ব্যক্তিকে পরিবহন কিংবা বিক্ষোভ ও অশান্ত পরিস্থিতিতে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই এর উদ্দেশ্য। সংস্থার যুক্তি, প্রয়োজনে শক গ্লাভস ব্যবহার করলে আগ্নেয়াস্ত্র বা আরও কঠোর বলপ্রয়োগের প্রয়োজন কমতে পারে।
অভিবাসী অধিকারকর্মী ও ডেমোক্র্যাটআইনপ্রণেতাদের প্রশ্ন, অভিবাসন আইন প্রয়োগের সময় একজন আটক ব্যক্তিকে বৈদ্যুতিক শক দেওয়ার মতো প্রযুক্তির প্রয়োজন কেন? তাদের আশঙ্কা, এমন সরঞ্জাম অতিরিক্ত বলপ্রয়োগের ঝুঁকি বাড়াতে পারে।
অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। প্রশাসনের যুক্তি, কর্মকর্তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের সুযোগ বন্ধ করা হলে মাঠপর্যায়ে তাদের ঝুঁকি আরও বাড়তে পারে।
এর আগে ১১ আগস্ট আইস প্রথমবারের মতো এই ধরনের গ্লাভস কেনার পরিকল্পনা প্রকাশ করেছিল। তখন সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ডলার পর্যন্ত। এবার সেই পরিকল্পনা বাস্তব রূপ পেল। চূড়ান্ত চুক্তির মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ ডলার।
ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান যুক্তরাষ্ট্রজুড়ে
ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। গ্রেপ্তার বাড়ছে, অভিবাসী পরিবারগুলোর মধ্যেও আতঙ্ক
বাড়ছে।
ফলে ৬ হাজার জোড়া শক গ্লাভস এখন শুধু একটি সরকারি সরঞ্জাম কেনার খবর নয়—ট্রাম্প প্রশাসনের
কঠোর অভিবাসন নীতির নতুন প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।







