হামাসের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র শুক্রবার হামাসের আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আওতায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখার এক সদস্য, ফ্রান্সভিত্তিক দুই তহবিল সংগ্রাহক এবং দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এসব নিষেধাজ্ঞার মাধ্যমে বহু বছর ধরে গড়ে ওঠা একটি জটিল অর্থায়ন কাঠামো উন্মোচিত হয়েছে। প্রতারণামূলক দাতব্য প্রতিষ্ঠানের আড়াল এবং ক্রিপ্টোকারেন্সি চ্যানেল ব্যবহার করে এই কাঠামো ২০ লাখ ডলারের বেশি অর্থ হামাসের কাছে স্থানান্তর করেছে। এটি শনাক্তকরণ এড়াতে হামাসের অর্থ সংগ্রহের পদ্ধতিগুলো পরিবর্তন করে নেওয়ার সক্ষমতা অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরে।’
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের সামরিক শাখার গাজাভিত্তিক ব্যাটালিয়নের উপপ্রধান সালিম আবদাল্লাহ সালিম আল-জাককে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিভিন্ন অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করে হামাসের আল-কাসাম ব্রিগেডে বিপুল অর্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত একটি আর্থিক নেটওয়ার্ক তিনি তদারক করতেন বলেও মন্ত্রণালয় জানিয়েছে।



