ট্রাম্পের বিরুদ্ধে নারী সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি ক্রিস্টেন হোমস (বামে) এবং প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া কমানো নিয়ে প্রশ্ন করায় সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি ক্রিস্টেন হোমসকে একাধিকবার ‘চুপ করুন’ বলে ধমক দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এ ঘটনা ঘটে।
কিশোর লাইফগার্ড রাইডার উইলিয়ামসকে সম্মান জানাতে ওভাল অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ট্রাম্প জানান, সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার যোগাযোগ হয়েছে।
এরপর এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের মিত্রতার বিষয়টি উপেক্ষা করে সামরিক মহড়া কমিয়ে উত্তর কোরিয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কি না। জবাবে ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্ক অঞ্চলটিকে আরও নিরাপদ করেছে।
ট্রাম্প বলেছেন, ‘কিম জং উন সবসময় আমার প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন। আমি তাকে বুঝি, তিনিও আমাকে বোঝেন।’
এরপর হোমস প্রশ্ন করেন, কিম ট্রাম্পকে সামরিক মহড়া কমানোর অনুরোধ করেছিলেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘চুপ করুন। এই তরুণের সামনে আপনি খুবই অসম্মানজনক আচরণ করছেন, ঠিক আছে?’ এ সময় তিনি রাইডার উইলিয়ামসের দিকে ইঙ্গিত করেন।
এরপর ট্রাম্প উপস্থিত আরেকজনকে জিজ্ঞেস করেন, ‘আপনার কি মনে হয় না, তিনি অসম্মানজনক আচরণ করছেন?’
হোমস প্রশ্ন চালিয়ে গেলে ট্রাম্প জানতে চান, তিনি কোন সংবাদমাধ্যমে কাজ করেন।
হোমস উত্তর দেন, ‘আমি সিএনএনের সঙ্গে আছি।’
এরপর ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘ভুয়া সংবাদ।’
তিনি আরও বলেন, ‘আপনি খুব উচ্চস্বরে কথা বলেন, খুব চড়া স্বভাবের মানুষ। আপনি সংবাদে জালিয়াতি করছেন!’ এরপর আবারও হোমসকে বলেন, ‘চুপ করুন!’
অনুষ্ঠান শেষ হওয়ার পরও এই বিরোধ থামেনি। হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্রিস্টেন হোমসকে আক্রমণ করে তাকে ‘নিজ পেশার জন্য লজ্জাজনক ও অপমানজনক বিব্রতকর ব্যক্তি’ হিসেবে অভিহিত করে।
একই সঙ্গে অভিযোগ করা হয়, রাইডার উইলিয়ামসকে সম্মান জানানোর অনুষ্ঠানকে ব্যবহার করে তিনি ‘সস্তা আঘাত’ করেছেন।
পোস্টে আরও বলা হয়, ‘এই নোংরা লোকগুলো সবচেয়ে নিচু মানের।’
হোয়াইট হাউসের এই বক্তব্যের জবাবে সিএনএনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ক্রিস্টেন হোমস হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের মধ্যে অন্যতম সম্মানিত ও অভিজ্ঞ। আজ বিকেলে তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং মার্কিন জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কঠিন, প্রাসঙ্গিক ও সংবাদযোগ্য একটি প্রশ্ন করেছেন।’
তিনি আরও বলেছেন,‘সরকারি কর্মকর্তারা তাদের সঙ্গে দ্বিমত পোষণ করা সংবাদ নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। তবে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা প্রেসিডেন্টের পদের মর্যাদার নিচে এবং মুক্ত সংবাদমাধ্যমের নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমরা ক্রিস্টেনের পাশে দৃঢ়ভাবে আছি এবং এসব আক্রমণকে সবচেয়ে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি।’
প্রশ্ন করার কারণে নারী সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে এটিই সর্বশেষ অভিযোগ। এর আগে ডিসেম্বরেও একই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে।
সেসব ঘটনায় সিএনএন, এবিসি নিউজ, সিবিএস নিউজ, ব্লুমবার্গ, নিউজডে এবং দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিকরা ট্রাম্পের তীব্র তিরস্কারের মুখে পড়েছিলেন।
ব্লুমবার্গের সাংবাদিক ক্যাথরিন লুসি জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প তাকে বলেছিলেন, ‘চুপ, চুপ, শূকরী!’। এছাড়া সিএনএনের কাইটলান কলিন্সকে ‘বোকা ও বাজে’ বলে মন্তব্য করেন তিনি।
সিবিএস নিউজের ন্যান্সি কর্ডেসকে জিজ্ঞেস করেন তিনি ‘বোকা’ কি না। আর এবিসি নিউজের র্যাচেল স্কটকে ‘বিরক্তিকর’ এবং ‘ভয়াবহ সাংবাদিক’ বলে আখ্যা দেন ট্রাম্প।
সূত্র : সিএনএন







