ট্রাম্প
ইরানের সঙ্গে চুক্তির আগে হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র

১৬ই এপ্রিল আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি চলছে। এক দফা হয়েছে আলোচনাও। পাকিস্তানে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতিও চলছে। তবে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই জানিয়ে দিলেন, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হরমুজ প্রণালিতে এক সপ্তাহ আগে শুরু হওয়া অবরোধ ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। লিখেছেন, যুদ্ধে তার দেশ ‘অনেক ব্যবধানে’ জিতছিল।
আগামীকাল বুধবার শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়। তবে ইসলামাবাদে নতুন করে আলোচনায় ইরান আসবে কি না, তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। যদিও আলোচনার মঞ্চ প্রস্তুত রেখেছে পাকিস্তান। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে। আলোচনা হলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি এখনো যাত্রা করেননি পাকিস্তানের উদ্দেশে। অন্যদিকে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি—বলছে ইরান।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য বলছে, হরমুজ প্রণালিতে অবরোধ শুরুর পর থেকে ২৭টি জাহাজ আটকে দিয়েছে মার্কিন বাহিনী। সেই সঙ্গে অবরোধ ভেঙে আসা ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে তারা। ইরান একে জলদস্যুতা ও যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এই প্রণালি দিয়ে পরিবহন করা হয় বিশ্বের মোট জ্বালানি তেলের ২৫ শতাংশ। যুদ্ধবিরতির পর অবরোধ তুলে নেয় ইরান। তবে সেটি দীর্ঘমেয়াদি হয়নি। গত সপ্তাহে হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর ইরানও ফের অবরোধের ঘোষণা দেয়।

