মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বন্দুকধারীদের গুলিতে নিহত ১

ছবি: রয়টার্স
মেক্সিকো সিটির কেন্দ্রস্থল জোকালো চত্বর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মেক্সিকো সিটির নিরাপত্তা সচিবালয় এ ঘটনাকে ‘টার্গেটেড অ্যাটাক’ বলে বর্ণনা করেছে। এতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। আহত হন ৩৯ বছর বয়সী আরও দুই ব্যক্তি। হামলার পর সন্দেহভাজন হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, সান্তো দোমিঙ্গো স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে। ঔপনিবেশিক আমলের ভবনঘেরা এই এলাকা জাল নথি তৈরি ও বিক্রির জন্য কুখ্যাত।
মাদক পাচারকারী চক্রগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে এ ধরনের গুলির ঘটনা প্রায়ই ঘটে। তবে মেক্সিকো সিটিতে এমন হামলা তুলনামূলক বিরল। যদিও শহরটিতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি-ইউনিয়নের মতো কয়েকটি সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে।




