ভূমিকম্পে কাঁপল তুরস্ক

সংগৃহীত ছবি
তুরস্কের পূর্বাঞ্চলে বুধবার আঘাত হেনেছে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা বিভাগ।
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টায় মালাতিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় আঘাত হানে ভূমিকম্পটি। এর গভীরতা ছিল ৭ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, স্কুল থেকে শিক্ষার্থীদের বের করে নেওয়া হচ্ছে এবং বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে ছুটছেন।
তুরস্ক কয়েকটি বড় ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
২০২৩ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি প্রদেশে কয়েক লাখ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। একই ঘটনায় প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও নিহত হয় আরও ৬ হাজার মানুষ।




