পেট্রলের দাম কমাল পাকিস্তান

একটি গাড়িতে জ্বালানি নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
পেট্রলের দাম প্রতি লিটারে ৯৪ পয়সা কমিয়েছে পাকিস্তান। গতকাল বুধবার নতুন দাম ঘোষণা করা হয়। একই সঙ্গে ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৫৪ পয়সা।
আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৩২৪ রুপি ৯৮ পয়সা। আর ডিজেলের দাম হয়েছে ৩৮২ রুপি ৭৯ পয়সা।
পেট্রলে প্রতি লিটারে ১১৪ রুপি কর ও শুল্ক আদায় করছে দেশটির সরকার। ডিজেলের ক্ষেত্রে এই পরিমাণ ১০০ রুপি।
এর আগে গত ৩ এপ্রিল ডিজেলের দাম উঠেছিল সর্বোচ্চ ৫২০ রুপি ৩৫ পয়সায়। এরপর ধীরে ধীরে কমতে থাকে।
তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডিজেলের দাম বাড়তে শুরু করেছিল। তখন প্রতি লিটার ডিজেলের দাম ছিল ২৮১ রুপি।
পেট্রলের দামও একই সময়ে বেড়েছিল দ্রুত। এপ্রিলের ৩ তারিখে পেট্রলের দাম উঠেছিল সর্বোচ্চ ৪৫৮ রুপি ৪১ পয়সায়। এর আগে মার্চের প্রথম সপ্তাহে প্রতি লিটার পেট্রলের দাম ছিল ২৬৬ রুপি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার কারণে এই পরিবর্তন হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা তৈরি হয়।
এ পরিস্থিতিতে জ্বালানির দাম নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনে পাকিস্তান সরকার।
সূত্র : ডন




