ইরানে ফের হামলার ছক, অস্ত্র সংকটে আমেরিকা
- ইরানে নতুন হামলা চান নেতানিয়াহু, সিদ্ধান্তহীন ট্রাম্প
- মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ ৬৫ শতাংশ কমার হিসাব
- ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ভূগর্ভস্থ স্থাপনা নিয়ে উদ্বেগ ইসরায়েলের
- নতুন আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের
- যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতায় মধ্যপ্রাচ্যের দেশগুলো

যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। অথচ আবারও ইরানের আকাশে হামলার পরিকল্পনা। তেল আবিব চাইছে নতুন সামরিক অভিযান। ওয়াশিংটনের হাতে চূড়ান্ত সিদ্ধান্ত। অন্যদিকে দীর্ঘ যুদ্ধের ধাক্কায় কমেছে আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ। ইরানও জানিয়ে দিয়েছে, নতুন আঘাত এলে জবাব হবে আরও কঠোর। মধ্যপ্রাচ্যে তাই ফের যুদ্ধের আশঙ্কা। প্রশ্ন উঠেছে, অস্ত্রভাণ্ডারে টান পড়ার পরও কি ইরানের বিরুদ্ধে আরেকটি বড় সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র?
গতকাল শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন হামলার সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানানো হয়, ইসরায়েল যৌথ অভিযান চাইলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি।
ইসরায়েলের উদ্বেগ, ইরান দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনব্যবস্থা পুনর্গঠন করছে। পাশাপাশি সামরিক ও পরমাণু স্থাপনা ভূগর্ভে সরিয়ে নিচ্ছে।
গত বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান সম্প্রতি ওয়াশিংটন সফরে নতুন হামলার পক্ষে মার্কিন কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেন। তিনি কয়েক দিনব্যাপী বিমান হামলার প্রস্তাব দেন।
এমন প্রস্তুতির মধ্যেই সামনে এসেছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকট। গত ২৭ জুলাই প্রকাশিত মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের উন্নত প্যাট্রিয়ট প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় ৬৫ শতাংশ কমেছে। যুদ্ধের আগে আনুমানিক ২ হাজার ৩৩০টি ক্ষেপণাস্ত্র থাকলেও জুলাইয়ের হিসাবে অবশিষ্ট ছিল ৭৫৯ থেকে ৮২৭টি।
ওয়াল স্ট্রিট জার্নালও ক্ষেপণাস্ত্রের দ্রুত ব্যবহার এবং নতুন উৎপাদনের সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিপরীতে পেন্টাগনের দাবি, প্রয়োজনীয় সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হয় ইরান যুদ্ধ। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরে আবার পাল্টাপাল্টি হামলা হয়েছে।
গত মঙ্গলবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন একে আত্মরক্ষামূলক ব্যবস্থা বলেছে।
তেহরানের অবস্থান, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রতিরোধের অধিকার রয়েছে ইরানের।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির বিষয়ে ট্রাম্পের নতুন অভিযোগ প্রত্যাখ্যান করেন। তার মতে, অভিযোগগুলো ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে প্রচারিত যুক্তরাষ্ট্রের দাবির কথা মনে করিয়ে দেয়।
এদিকে কাতার, তুরস্ক, পাকিস্তানসহ কয়েকটি দেশ নতুন যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের আশঙ্কা, সংঘাত ছড়িয়ে পড়লে বিপন্ন হবে পুরো অঞ্চলের নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ।



