তিন মাসের মধ্যে নির্বাচন দিন, মাহমুদ আব্বাসকে ৮ দেশের আহ্বান

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি / রয়টার্স
ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইউরোপের ছয় দেশসহ আটটি দেশ। শনিবার ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত অক্টোবরে আইনসভা নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন হওয়ার কথা ছিল শনিবার। পরে তিনি ভোটের নতুন তারিখ নির্ধারণ করেন ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন।
আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটি গত মাসে জানিয়েছিল, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজার পরিস্থিতি নির্বাচনের অনুকূল নয়। ইসরায়েল গাজায় নির্বাচনী সরঞ্জাম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও জানায় তারা।
আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ফিলিস্তিনে সর্বশেষ জাতীয় নির্বাচনের ২০ বছর পরও ফিলিস্তিনিদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে।’
তারা আরও বলেছেন, ‘ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় ভিত্তি হিসেবে গণতান্ত্রিক নীতি বজায় রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।’
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি দেশগুলোর অব্যাহত সমর্থনের সঙ্গে সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের অঙ্গীকারও যুক্ত।
৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি নির্বাহী আদেশের মাধ্যমে শাসন করছেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে দুই ধরনের নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
২০০৬ সালের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছিল হামাস। এরপর গাজায় সরকার গঠন করে দলটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংখ্যাগরিষ্ঠ আসনের নিয়ন্ত্রণে থাকা আব্বাসের ফাতাহ দলের সঙ্গে হামাসের বিরোধ সেই থেকে চলছে।
সূত্র : আলজাজিরা




