ফিলিস্তিনপন্থী সানচেজের ভাগ্য নির্ধারণে দিন আজ, স্পেনে ভোট শুরু

প্রচারণায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফাইল ছবি / রয়টার্স
স্পেনে আগাম সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবারের এই নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক দল পিএসওইয়ের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রক্ষণশীল পিপলস পার্টির (পিপি)। সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পিপিকে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন নিতে হতে পারে।
দেশটির আবাসন আইন সংশোধনের পরিকল্পনা পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর নির্ধারিত সময়ের আট মাস আগেই নির্বাচনের ডাক দেন সানচেজ। জনমত জরিপে তার দল প্রতিদ্বন্দ্বী আলবার্তো নুনিয়েস ফেইহোর পিপির চেয়ে সামান্য পিছিয়ে রয়েছে। তবে শুক্রবার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন সানচেজ।
রবিবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত ভোট দিতে পারবেন দেশটির ভোটাররা। ভোটকেন্দ্র বন্ধ হওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রাথমিক ফল প্রকাশ শুরু হওয়ার কথা। সোমবার পর্যন্ত চলবে আনুষ্ঠানিক ফল গণনা।
এবারের নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সাশ্রয়ী আবাসনের সংকট। এর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অভিবাসন নিয়েও আলোচনা হয়েছে।
২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছেন। তবে দেশের অভ্যন্তরে আবাসন সংকটের পাশাপাশি দুর্নীতির কেলেঙ্কারি ও দুটি প্রাণঘাতী রেল দুর্ঘটনা তার সরকারের জন্য চাপ তৈরি করেছে।
জাতীয় সরকারে ভক্সের অংশগ্রহণ স্পেনের রাজনীতি ও ইউরোপের ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। দলটি সামাজিক সুবিধার ক্ষেত্রে স্পেনের নাগরিকদের অগ্রাধিকার এবং অর্থনীতিতে অবদান রাখছে না বলে বিবেচিত বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতির পক্ষে। সমালোচকেরা দলটির আদর্শে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনামলের কিছু বৈশিষ্ট্যের মিল দেখেন। তবে ভক্স এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
শুক্রবার স্পেনে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। শনিবার ছিল প্রচারবিহীন প্রচলিত ‘ভাবনার দিন’।
সূত্র : আলজাজিরা




