লটারিতে ৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর ২৮৮তম সিরিজের ড্র-তে ১ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
আতিক হাসান সান্ত্বনা পুরস্কার হিসেবে এই অর্থ জিতেছেন। তার টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। একই ড্র-তে আরও চার ভারতীয় প্রবাসীও ১ মিলিয়ন দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে পাঁচজন বিজয়ীর মধ্যে ৫ মিলিয়ন দিরহাম বিতরণ করা হয়েছে।
এবারের বিজয়ীদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সী প্রবাসী অখিল এনবি। বিমানবন্দরে কর্মরত অখিল প্রথমবারের মতো বন্ধুদের সঙ্গে মিলে বিগ টিকিটের লটারি কিনেই ১ মিলিয়ন দিরহাম জিতেছেন। তিনি জানিয়েছেন, প্রাপ্ত অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন।
কেরালার প্রবাসী উপেন্দ্রন সিজু গত ২০ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। তিনি গত নয় বছর ধরে ২০ সদস্যের একটি দলের সঙ্গে নিয়মিত টিকিট কিনছিলেন। এবারই প্রথম পুরস্কার এসেছে তাদের টিকিটে।
আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দ্রন, যিনি অয়েল অ্যান্ড গ্যাস খাতের সুপারভাইজার। তিনি ১২ বছর ধরে ২৭ সদস্যের একটি দলের সঙ্গে লটারিতে অংশ নিচ্ছিলেন। প্রাপ্ত অর্থ দিয়ে তিনি মেয়ের পড়াশোনার খরচ ও পরিবারের অন্যান্য প্রয়োজন মেটানোর পরিকল্পনা করেছেন। একই ড্র-তে ল্যান্সী প্যারিস নামের আরেক ভারতীয় প্রবাসীও ১ মিলিয়ন দিরহাম জিতেছেন।




