ইরাককে ট্রাম্পের ‘হাতিয়ার’ না হতে ইরানের সতর্কবার্তা

ইরাকের বসরা প্রদেশে ইরান-ইরাকের শালামচা সীমান্তপথ দিয়ে চলাচল করছে যানবাহন। ফাইল ছবি / রয়টার্স
ইরাককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ না হওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের সুযোগ না দিতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। তেল পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে ইরাক যখন সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করছে, তখন এ সতর্কবার্তা দিল ইরান।
শনিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের এ সতর্কবার্তা দেন। তিনি সীমান্তসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার জন্য ইরাকি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করতে তেহরান সফর করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে রেজায়ি বলেছেন, ‘বিদেশিদের ইরান-ইরাকের অর্থনৈতিক সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।’ তিনি দুই দেশের নিরাপত্তা চুক্তি পুরোপুরি বাস্তবায়নেরও আহ্বান জানান।
আল-আবুদি চুক্তি বাস্তবায়নে বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরান বা অন্য প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রভাব স্থলপথের বাণিজ্যেও ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। এ মাসের শুরুতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন আলজাজিরাকে জানিয়েছিলেন, ইরানের সঙ্গে দুটি ছাড়া বাকি সব সীমান্তপথ বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
আলজাজিরার প্রতিবেদক আমের লাফি জানিয়েছেন, নৌ অবরোধের পর স্থলপথের বাণিজ্যের ওপর ইরানের নির্ভরতা বেড়েছে। ফলে সীমান্তপথ আরও বন্ধ হওয়ার আশঙ্কা তেহরানের কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তুলেছে।
এদিকে তেল পাচার বন্ধে বৃহস্পতিবার থেকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক সীমান্তপথ বন্ধ করতে শুরু করেছে ইরাক। উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলের কয়েকটি পথও এর আওতায় রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর ইরাক থেকে তেল পাচার করে ইরানে নেওয়া হচ্ছিল। সেখানে ইরানি তেলের সঙ্গে মিশিয়ে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো হচ্ছিল।
শনিবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের হাওইজা জলাভূমি এলাকায় ৫০ কিলোমিটার দীর্ঘ মাটির বাঁধ ও কংক্রিটের সীমান্তচৌকিসহ নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
এই অভিযানকে সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তবে এতে বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ফেডারেল সরকার ও কুর্দি নেতারা বিরোধ মেটাতে মঙ্গলবার বাগদাদে বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : আলজাজিরা




